সারাদেশ

লালমোহনে অটোরিকশা চালক হত্যা রহস্য উদ্ঘাটন: গ্রেফতার ৩

প্রিন্ট
 লালমোহনে অটোরিকশা চালক হত্যা রহস্য উদ্ঘাটন: গ্রেফতার ৩

প্রকাশিত : ৮ জানুয়ারি ২০২৬, রাত ৯:০৭

ভোলার লালমোহনে চালককে কুপিয়ে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু ও চারটি মোবাইল ফোন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার শহিদুল্লাহ কাউসার। গ্রেফতারকৃতরা হলেন, ঘটনার মূল পরিকল্পনাকারী মো. ইব্রাহিম (৩৬), মো. রাজা (৩২) ও কাজী তারেক (৩৫)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩০ ডিসেম্বর রাতে চরফ্যাশন বাসস্ট্যান্ড থেকে যাত্রী সেজে আবু বকর সিদ্দিকের অটোরিকশা ভাড়া করে ঘাতকরা। রাত সাড়ে ৯টার দিকে লালমোহনের পশ্চিম চর উমেদ ইউনিয়নের কচুয়াখালি এলাকায় পৌঁছালে তারা আবু বকরের বুকে ছুরিকাঘাত করে হত্যা নিশ্চিত করে। এরপর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে লালমোহন থানায় হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ইব্রাহিমকে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্যে বাকি দুজনকে গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।