পাবনার আটঘরিয়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে জান্নাত আলী নামে এক মাটি ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত জান্নাত আলী চাঁদভা ইউনিয়নের রতিপুর গ্রামের দিলবার মাঝির ছেলে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার মাজপাড়া সিনিয়র আলিম মাদরাসার পাশে ফসলি জমিতে অভিযান চালিয়ে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ফসলি জমিতে ভেকু (এস্কাভেটর) দিয়ে পুকুর খনন ও মাটি বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় জান্নাত আলীকে এই শাস্তি প্রদান করা হয়। অভিযানে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও ফারজানা আক্তার জানান, কৃষি জমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
মতামত