ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে পাঁচবিবি তিনমাথা মোড়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ গণসংযোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদ নির্বাচন দেশের চাবি আমাদের হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সেলিম আহম্মেদ।
প্রচারণাকালে সাধারণ ভোটারদের গণভোটের গুরুত্ব এবং প্রার্থীদের আচরণবিধি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। ইউএনও সেলিম আহম্মেদ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করতে বিভিন্ন জনবহুল স্থান ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত এই প্রচারণা চালানো হচ্ছে।
উপস্থিত সাধারণ ভোটাররা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের প্রচারণার ফলে গণভোটের প্রয়োজনীয়তা ও ভোট দেওয়ার নিয়মাবলি সম্পর্কে তারা স্বচ্ছ ধারণা পাচ্ছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মোহাম্মদ রায়হান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওরায়দুর রহমান, পাঁচবিবি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, বণিক সমিতির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বাপ্পিসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা।
মতামত