শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) মো. কামরুল ইসলাম।
সভায় গত নভেম্বর ও ডিসেম্বর মাসের অপরাধচিত্র বিশ্লেষণ, মামলা নিষ্পত্তির অগ্রগতি এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শুরুর আগে বিদায়ী মাসে গুরুত্বপূর্ণ সাফল্য ও দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১০ জন পুলিশ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।
সভায় পুলিশ সুপার মো. কামরুল ইসলাম সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এবং থানা পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার কঠোর নির্দেশনা দেন। তিনি বলেন, মাদক উদ্ধার, পরোয়ানা তামিল এবং চুরি-ছিনতাই রোধে পুলিশি তৎপরতা আরও বাড়াতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সকল পর্যায়ের কর্মকর্তাদের নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাবৃন্দ।
মতামত