সারাদেশ

রংপুরে শিক্ষক নিয়োগে জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রিন্ট
রংপুরে শিক্ষক নিয়োগে জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রকাশিত : ৮ জানুয়ারি ২০২৬, রাত ১০:২৬

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্ন ফাঁসের চেষ্টাকারী ও জালিয়াতি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নগরীর পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার গোলাম কিবরিয়া ও সুমন চন্দ্র।

দুপুরে এক সংবাদ সম্মেলনে রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, শুক্রবার অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষাকে ঘিরে একটি চক্র আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অবৈধ সুবিধা প্রদানের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় সন্দেহভাজন ওই দুজনকে আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহারের জন্য সংরক্ষিত একাধিক মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে।

ডিসি সনাতন চক্রবর্তী আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডিজিটাল ডিভাইস সরবরাহের পরিকল্পনার কথা স্বীকার করেছেন। এই চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সরকারি নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় পুলিশ যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করবে।