নারায়ণগঞ্জের বন্দরে অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রকে অপহরণ করে সর্বস্ব লুটে নেওয়ার সময় তিন যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বন্দর থানার তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন, নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার মৃদুল (১৯), রিয়াদ (২৪) ও সোনাচড়া এলাকার জুম্মান (১৮)। এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্র ইব্রাহিম খলিল বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী ইব্রাহিম খলিল ঢাকা পল্লবী সরকারি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি অনলাইনে চাকরির খোঁজ করতে গিয়ে চক্রটির খপ্পরে পড়েন। চক্রটি তাকে চাকরির প্রলোভন দেখিয়ে বন্দর থানায় আসতে বলে। তাদের কথামতো বুধবার সন্ধ্যায় ইব্রাহিম তালতলা এলাকায় পৌঁছালে চক্রটি তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এসময় তারা ইব্রাহিমের মোবাইল ফোন, মানিব্যাগ ও এটিএম কার্ড ছিনিয়ে নেয় এবং ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
দাবিকৃত টাকা না পেয়ে চক্রটি ইব্রাহিমকে জোরপূর্বক ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। চলন্ত অটোরিকশায় ইব্রাহিম চিৎকার শুরু করলে স্থানীয় জনতা ধাওয়া করে অটোরিকশাটি থামায়। পরে ইব্রাহিমকে উদ্ধার করে অভিযুক্ত তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। খবর পেয়ে পুলিশ তাদের হেফাজতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে এবং বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করে।
বন্দর থানা পুলিশ জানায়, এই চক্রের সাথে জড়িত অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মতামত