নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাতুল ইসলাম রবি (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যুবকসহ এক দম্পতি আহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত ৯টায় মিজমিজি ক্যানেলপাড়স্থ ১০ পাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাতুল ইসলাম রবি মিজমিজি পূর্বপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে। আহত হাবিব (২২) ও বিজয় (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত দম্পতির পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে তিন বন্ধু মিলে নম্বরবিহীন দুটি মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে রেস করছিলেন। ১০ পাইপ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক দম্পতির মোটরসাইকেলের সঙ্গে তাঁদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে তিনটি মোটরসাইকেলই দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক রবিকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত নম্বরবিহীন দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অন্য মোটরসাইকেলটি নিয়ে আহত দম্পতি চলে যাওয়ায় তাঁদের খোঁজ পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মতামত