নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি গরুর খামারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১০ জানুয়ারি) ভোরে আটিগ্রাম এলাকায় অস্ত্রের মুখে নিরাপত্তা প্রহরীদের জিম্মি করে চারটি গরু লুট করে নিয়ে যায় সশস্ত্র ডাকাত দল।
ভুক্তভোগী খামার মালিক প্রবাসী আরিফ হোসেন জানান, ভোর সাড়ে ৪টার দিকে ৮ সদস্যের একটি ডাকাত দল খামারে হানা দেয়। এসময় পাশের আম্বর পাল্প অ্যান্ড পেপার মিল-এর নিরাপত্তা প্রহরীরা বাধা দিলে ডাকাতরা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে প্রহরীদের হাত-পা বেঁধে একটি ট্রাকে করে খামারের ৪টি গরু তুলে নিয়ে চম্পট দেয়। লুট হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৭-৮ লাখ টাকা।
আহত প্রহরী রেজাউল করিম ও আবু বকর জানান, ডাকাতরা সশস্ত্র থাকায় তারা নিরুপায় ছিলেন। খামার মালিক আরিফ হোসেন জানান, প্রবাস থেকে ফিরে স্বাবলম্বী হওয়ার আশায় চার বছর আগে তিনি এই খামারটি শুরু করেছিলেন। সম্বল হারিয়ে তিনি এখন দিশেহারা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গরুগুলো উদ্ধার এবং ডাকাত চক্রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মতামত