সারাদেশ

কালাইয়ে শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ও ফলাফল প্রকাশ

প্রিন্ট
কালাইয়ে শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ও ফলাফল প্রকাশ

প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:৫৬

জয়পুরহাটের কালাইয়ে উৎসবমুখর পরিবেশে কালাই শিক্ষা ফাউন্ডেশন-এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশেষ বৈশিষ্ট্য হিসেবে পরীক্ষা শেষে একই দিনে ফলাফল ঘোষণা করা হয়েছে।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় উপজেলার ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ের ৩৬৯ জন এবং মাদ্রাসা পর্যায়ের ১৯৫ জন পরীক্ষার্থী ছিল। পরীক্ষা শেষে মেধার ভিত্তিতে উভয় বিভাগ থেকে মোট ৩৬ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা। তিনি বলেন, শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের স্বপ্ন গড়ার ভিত্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যম। সরকারের পাশাপাশি এমন বেসরকারি উদ্যোগ দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।

ফাউন্ডেশনের মহাসচিব অধ্যক্ষ আমিনুল ইসলাম জানান, দীর্ঘ ২৫ বছর ধরে এই শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। চূড়ান্তভাবে উত্তীর্ণদের প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া মেধাক্রম অনুযায়ী প্রথম স্থান অধিকারীকে ৩ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে ২ হাজার ৫০০ এবং তৃতীয় স্থান অধিকারীকে ২ হাজার টাকাসহ নির্বাচিত ৩৬ জনকে এককালীন বৃত্তি প্রদান করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ শাহজাহান আলী ও মাওলানা মতিউর রহমান, সহ-সভাপতি আব্দুল মজিদ মল্লিক ও আব্দুল মান্নান, শিক্ষা সম্পাদক তাইফুল ইসলাম ফিতা এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুলসহ আরও অনেকে।