নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর দেশে যে নেতৃত্বশূন্যতা তৈরি হয়েছিল, তা পূরণে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়া রাজনীতিতে এসেছিলেন। দেশ ও মানুষের প্রতি অপার দায়বদ্ধতা থেকেই তিনি ঘর ছেড়ে রাজপথে নেমেছিলেন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পুরাতন থানা এলাকায় জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন ও বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখন হুমকির মুখে, তখন ছাত্র-জনতা ও দলের সিনিয়র নেতাদের অনুরোধে তিনি দলের হাল ধরেন। তাঁর আপসহীন নেতৃত্বই দেশকে সঠিক পথে ফিরিয়ে এনেছিল।
নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন ও যুবদল নেতা রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভুইয়া, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু এবং জেলা মহিলা দলের আহ্বায়ক রহিমা শরীফ মায়াসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ ফিতা কেটে জেলা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মতামত