আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে কুড়িগ্রামে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে জেলা পরিষদ হলরুমে রংপুর আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ বলেন, একটি স্বচ্ছ নির্বাচন আয়োজনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা পাশে থাকবে। তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুজব রোধে ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় সাংবাদিকরা নির্বাচনের তথ্য দ্রুত সরবরাহের জন্য মিডিয়া সেল গঠন, ভুয়া আইডি শনাক্তকরণ এবং যথাসময়ে নির্বাচনি পাসকার্ড ও যানবাহনের স্টিকার সরবরাহের দাবি জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন নির্বাচনি প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, ২০২৫ বিষয়ক একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।
রংপুর আঞ্চলিক তথ্য অফিসের তথ্য কর্মকর্তা মো. ফরহাদ আহমেদের সঞ্চালনায় সভায় সেনাবাহিনী, জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
মতামত