সারাদেশ

নবীগঞ্জ খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের মহোৎসব: যাত্রী হয়রানি চরমে

প্রিন্ট
নবীগঞ্জ খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের মহোৎসব: যাত্রী হয়রানি চরমে

প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৬, রাত ১১:২১

বন্দরের নবীগঞ্জ খেয়াঘাটে ইজারা শর্ত লঙ্ঘন করে যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীসেবার নামে প্রকাশ্য দিবালোকে জনদুর্ভোগ চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

বিআইডব্লিউটিএ থেকে ২ টাকা টোল নির্ধারণ করে ঘাট ইজারা দেওয়া হলেও যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ টাকা আদায় করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলা ইঞ্জিনচালিত নৌকা পারাপারের জন্য চালকরা ২ টাকা নিচ্ছেন, আবার পাড়ে নামার পর ইজারাদারের কর্মচারীরা পৃথকভাবে আরও ২ টাকা আদায় করছেন। রাত ১০টার পর এই হার বেড়ে দাঁড়ায় ৫ টাকায়। অথচ পাশের বন্দর ১নং খেয়াঘাটে যাত্রীদের কাছ থেকে এমন অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে না।

ঘাটে চলাচলরত গার্মেন্টসকর্মী আব্দুর রহমান বলেন, অল্প বেতনের চাকরিতে প্রতিদিন যাতায়াত বাবদ ১০-১৫ টাকা বাড়তি খরচ হলে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে। টোলের কারণ জানতে চাইলে ইজারাদারের লোকজনের হাতে সাধারণ যাত্রীদের লাঞ্ছিত হতে হচ্ছে। নিম্ন আয়ের কয়েক হাজার মানুষের জন্য এই বাড়তি টোল এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

ইজারাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে টোল আদায়কারীরা জানান, উপরের নির্দেশে তারা বাড়তি টাকা নিচ্ছেন।

ভোক্তভোগী সাধারণ মানুষ এই চরম নৈরাজ্য বন্ধে এবং জুলুমমুক্ত পারাপার নিশ্চিত করতে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।।