নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাৎসরিক অর্জিত ছুটির ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনের মুখে একটি রপ্তানিমুখী গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকার আহসান অ্যাপারেলস নামক কারখানায় এ ঘটনা ঘটে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, তারা দীর্ঘ দিন ধরে বাৎসরিক ছুটির বকেয়া ভাতার দাবি জানিয়ে আসছিলেন। পাওনা পরিশোধের জন্য কর্তৃপক্ষকে ১০ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন।
উদ্ভূত পরিস্থিতিতে কারখানায় কাজের পরিবেশ নেই উল্লেখ করে মালিকপক্ষ শ্রম আইনের ২০০৬-এর ১৩ (১) ধারা মোতাবেক প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানিয়ে দেয়। নোটিশে বলা হয়, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে।
শিল্প পুলিশ জানায়, ছুটির ভাতার দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামলে মালিকপক্ষ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মতামত