সারাদেশ

কুড়িগ্রামের দুর্গম চরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

প্রিন্ট
কুড়িগ্রামের দুর্গম চরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৬, দুপুর ১:২২

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুর্গম গণির চরে শহিদা বেগম (২৬) নামের এক গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শহিদা ওই গ্রামের চা বিক্রেতা আজিজুল ইসলামের স্ত্রী। তাদের দুটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় আজিজুল ইসলাম তার বড় মেয়েকে নিয়ে স্থানীয় কালারচর বাজারে দোকানে ছিলেন। বাড়িতে চার বছরের ছোট মেয়ের সঙ্গে ছিলেন শহিদা। রাতে রান্নার চাল ধুতে টিউবওয়েল পাড়ে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার গলা ও হাতে এলোপাতাড়ি কোপানো হয়। পরে স্থানীয়রা তার গোঙানি শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে কচাকাটা থানা পুলিশ রাত পৌনে ১টার দিকে দুর্গম চরাঞ্চল পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গৃহবধূর শ্বাসনালী কেটে দেওয়া হয়েছে এবং আত্মরক্ষার চেষ্টাকালে তার হাতেও জখম হয়েছে।

নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, এলাকাটি অত্যন্ত দুর্গম ও চারদিকে নদীবেষ্টিত হওয়ায় পুলিশ পৌঁছাতে সময় লেগেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে।