সারাদেশ

বটিয়াঘাটায় পানি নিষ্কাশনের গেট বন্ধে বাধা: সন্ত্রাসীদের কোপে যুবক হাসপাতালে

প্রিন্ট
বটিয়াঘাটায় পানি নিষ্কাশনের গেট বন্ধে বাধা: সন্ত্রাসীদের কোপে যুবক হাসপাতালে

প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৬, দুপুর ১:৩৩

খুলনার বটিয়াঘাটা উপজেলার তেতুলতলা এলাকায় সরকারি গাছ কেটে পানি নিষ্কাশনের সুইচগেট বন্ধ করতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় সৈমেন রায় (৩০) নামের এক যুবক গুরুতর জখম হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে এই হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বোরো মৌসুমে ধান চাষে পানি ব্যবহারের জন্য ওই এলাকার সুইচগেটটি স্থানীয়রা দীর্ঘকাল ব্যবহার করে আসছেন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ডুমুরিয়ার রায়েরমহল এলাকার নাছির কাজী (৩৬), আশিক কাজী (৪১) ও আসিফ কাজী মিলে পল্লী বিদ্যুতের পাশের সরকারি গাছ কেটে জোরপূর্বক ওই সুইচগেটটি বন্ধ করার চেষ্টা করেন। এতে সৈমেন রায়সহ এলাকাবাসী বাধা দিলে বিবাদী নাছির কাজী হাতে থাকা দা দিয়ে সৈমেনের মাথায় সজোরে কোপ দেন। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় ভুক্তভোগীর মা মনিষা রায় বাদী হয়ে বটিয়াঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সরকারি গাছ কেটে পানি চলাচলের পথ বন্ধ করার ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।