সারাদেশ

ঠাকুরগাঁওয়ে জাল দলিলসহ দালাল আটক: ১৫ দিনের কারাদণ্ড

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে জাল দলিলসহ দালাল আটক: ১৫ দিনের কারাদণ্ড

প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৬, দুপুর ২:২১

ঠাকুরগাঁও সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে জাল দলিলসহ (সার্টিফাইড কপি) মজিবুর রহমান নামে এক দালালকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এ দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মজিবুর রহমান জেলার হরিপুর উপজেলার বরুয়াল গ্রামের আব্দুর রহিমের ছেলে।

সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম জানান, বিকেলে মোখলেসুর রহমান নামে এক ব্যক্তি জমি বিক্রির জন্য দলিল সম্পাদন করতে আসেন। তার দাখিল করা নথিপত্র যাচাইকালে একটি সার্টিফাইড কপিতে কর্মকর্তার স্বাক্ষর দেখে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে যে, মজিবুর রহমান নামের ওই ব্যক্তি ভুয়া দলিলটি সরবরাহ করেছেন। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান। দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী অপরাধীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।