জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মোছাঃ আফরোজা খানম চৌধুরী। তিনি জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে অবস্থিত পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।
জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ যাচাই বাছাই শেষে দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে তাঁকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে ঘোষণা করা হয়। এর আগে তিনি উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছিলেন।
আফরোজা খানম চৌধুরী পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ধরটিকর গ্রামের সমভ্রান্ত চৌধুরী পরিবারের সন্তান। মরহুম মশিহর রহমান চৌধুরীর এই কন্যা দীর্ঘদিনের শিক্ষকতা জীবনে একজন দক্ষ ও নীতিবান মানুষ গড়ার কারিগর হিসেবে এলাকায় পরিচিত।
পাঁচবিবি উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন জানান, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা এবং শিক্ষা প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
নিজের এই অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করে আফরোজা খানম চৌধুরী বলেন, এই প্রাপ্তি আমার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতার ফল। আগামীতে শিক্ষার মানোন্নয়নে আমি আরও নিবেদিত হয়ে কাজ করতে চাই। তার এই সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বইছে এবং স্থানীয় সুধীজনরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
মতামত