চলো একসাথে গড়ি বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম জেলা জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপনের সভাপতিত্বে সভায় প্রধান লক্ষ্য হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য জোটের মনোনীত প্রার্থী ড. আতিক মুজাহিদকে শাপলা কলি মার্কায় বিজয়ী করার ঘোষণা দেওয়া হয়। এ লক্ষ্যে উভয় দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আজিজুর রহমান স্বপন বলেন, ২৪-এর গণআকাক্সক্ষা বাস্তবায়ন ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে জাতিকে ঐক্যবদ্ধ রাখার বিকল্প নেই। মহান আল্লাহর ওপর ভরসা রেখে আমাদের এখনই একযোগে জনসম্পৃক্ততা বাড়াতে হবে।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য প্রার্থী ড. আতিক মুজাহিদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ শাহ্জালাল সবুজ, এনসিপি জেলা আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মো. মাসুমসহ দুই দলের উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। সভায় নির্বাচনী কৌশল ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতামত