পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক সফল অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে (৪৮) গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় পাবনা সদর থানার দিলালপুর বজলুল হক রোডের একটি ভবনে অভিযান চালায় ডিবি পুলিশ। ওই ভবনের চতুর্থ তলায় হাসি বেগমের ভাড়াটিয়া ফ্ল্যাটের গেস্ট রুম থেকে জাহিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদ পাবনা সদরের কাশিপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
অভিযানকালে পুলিশ তল্লাশি চালিয়ে নিমরোক্ত সরঞ্জামগুলো উদ্ধার করে ১টি দু-নলা ও ১টি এক-নলা ওয়ান শুটার গান, ১টি ১২ বোর কার্তুজ, ১টি ধারালো তলোয়ার ও ১টি চাইনিজ কুড়াল, ২২ বোর রিভলবারের চেম্বার, ৩টি ট্রিগার, স্প্রিং, ইলেকট্রিক ড্রিল মেশিন ও হ্যাকসো ব্লেড।
পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত জাহিদ একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে ২০১৬ সালের পাবনা হেমায়েতপুর আশ্রমের পাণ্ডে হত্যা মামলা এবং সাবেক চেয়ারম্যান মন্তাজের হাত কাটা মামলাসহ একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এই ঘটনায় পাবনা সদর থানায় নতুন করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মতামত