সারাদেশ

পাবনায় শিশু সুরাইয়া হত্যার রহস্য উন্মোচন: ঘাতক বড় বোন ও দুলাভাই গ্রেফতার

প্রিন্ট
পাবনায় শিশু সুরাইয়া হত্যার রহস্য উন্মোচন: ঘাতক বড় বোন ও দুলাভাই গ্রেফতার

প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৬, রাত ৯:১৮

পাবনার ফরিদপুরে চাঞ্চল্যকর সুরাইয়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আপন চাচাতো বোন ও তার স্বামী মিলে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জন্তিহার এলাকার আব্দুল লতিফ এবং তার স্ত্রী ডালিয়া খাতুন (ভিকটিম সুরাইয়ার আপন চাচাতো বোন)।

পুলিশ জানায়, সুরাইয়ার দাদা-দাদি আর্থিকভাবে সচ্ছল হওয়ায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন ডালিয়া ও লতিফ। পরিকল্পনা অনুযায়ী, ডালিয়া সুরাইয়াকে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে তার স্বামী লতিফের হাতে তুলে দেন। পরে একটি পরিত্যক্ত ঘরে সুরাইয়াকে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়ে রেখে আসা হয়। রাতে ফিরে এসে তাকে মৃত অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে ঘাতকরা লাশ পাশের একটি পুকুরে ফেলে দেয়।

হত্যাকাণ্ডের পর ঘটনা ভিন্ন খাতে নিতে গত ১৭ জানুয়ারি লতিফ তার মোবাইল ফোন থেকে সুরাইয়ার দাদার কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে সোমবার (১৯ জানুয়ারি) পুলিশ অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেফতার করে।

পাবনা জেলা পুলিশ জানায়, মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই এই ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনতে পুলিশ পেশাদারিত্বের সাথে কাজ করছে।