মাগুরায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সমাপনী দিনে মাগুরা ও রাজবাড়ী জেলার ৫০ জন সাংবাদিকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহামুদ।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, নির্বাচন পর্যবেক্ষক হিসেবে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও নিরপেক্ষ তথ্য উপস্থাপনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে আপনাদের দায়িত্বশীল হতে হবে।
সনদ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত, সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সজীব, মাগুরা প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
প্রশিক্ষণে নির্বাচনের সংবাদ সংগ্রহ, আচরণবিধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিভিন্ন কৌশলের ওপর আলোকপাত করা হয়।
মতামত