সারাদেশ

ফুলবাড়ীতে শহীদ শরিফ উসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল

প্রিন্ট
ফুলবাড়ীতে শহীদ শরিফ উসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল

প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৬, রাত ১০:১০

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে শহীদ শরিফ উসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার একটি মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আমীর মাওলানা মো. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ শরিফ উসমান হাদী ছিলেন আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের এক আপসহীন সিপাহসালার। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তার বীরত্বগাথা আমাদের সাহস জোগায়। একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই ছিল তার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

উপজেলা সেক্রেটারি মাওলানা মো. আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ মেহমান ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০ দলীয় ঐক্যজোট মনোনীত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আতিক মুজাহিদ (জাতীয় নাগরিক পার্টি) এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো. সেকেন্দার আলী।

সভায় বক্তারা শহীদ শরিফ উসমান হাদীর সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি আজীবন অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার আদর্শ ধারণ করে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়াই হবে তার প্রতি শ্রেষ্ঠ সম্মান।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ১০ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। পরিশেষে শহীদ শরিফ উসমান হাদীর আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।