ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি নেতা ডা. আব্দুস সালামের কন্যা ডা. কাসফিয়া সালাম নির্ঝর বালিয়াডাঙ্গী উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার চারণ সাংস্কৃতিক গোষ্ঠীর হলরুমে (অস্থায়ী প্রেসক্লাব) এই সভা অনুষ্ঠিত হয়। মূলত সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক পরিচিতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন।
মতবিনিময় সভায় ডা. কাসফিয়া সালাম নির্ঝর বলেন, একটি গণতান্ত্রিক ও উন্নত সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমেই সাধারণ মানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা জাতির সামনে উঠে আসে।
তিনি আরও বলেন, সত্য ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন জনগণের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে বড় ভূমিকা রাখে। বালিয়াডাঙ্গীর সার্বিক উন্নয়নে তিনি সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও এলাকার উন্নয়নে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এই মতবিনিময় সভা গণমাধ্যমকর্মী ও স্থানীয় নেতৃত্বের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ক্ষেত্রকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
মতামত