আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা-১ আসনে বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা ১২ মাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-১ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান। জেলা বিএনপির সদস্য কুতুবুদ্দিনের সঞ্চালনায় সভায় জেলা ও বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন খান বলেন, দেশ ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ এবং মাগুরার সার্বিক উন্নয়নে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। তিনি সকল ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানান। সভায় বক্তারা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সভাটি এক বিশাল জনসভায় পরিণত হয়।
মতামত