সারাদেশ

দেশে মার্কা এখন দুটি নৌকা আর ধানের শীষ: মির্জা ফখরুল

প্রিন্ট
দেশে মার্কা এখন দুটি নৌকা আর ধানের শীষ: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৬, বিকাল ৫:৪১

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন মূল মার্কা দুটি নৌকা আর ধানের শীষ। যেহেতু নৌকা আমাদের নয়, তাই দেশের মানুষের ভরসা এখন ধানের শীষ।

শনিবার (২৪ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কান্দরপাড়া, কালিতলা, সোনাহার ও কচুবাড়ি বাজারে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

দাঁড়িপাল্লা ও মুক্তিযুদ্ধ প্রসঙ্গে অন্যান্য প্রতীকের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, নতুন যে প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাওয়া হচ্ছে, তারা একাত্তরে স্বাধীনতার বিপক্ষে ছিল। মুক্তিযুদ্ধের সময় তারা সাধারণ মানুষের বাড়িঘর লুট করেছে। আমরা নিজেরাই অস্ত্র হাতে নিয়ে দেশ স্বাধীন করেছি, কিন্তু তারা ছিল সেই স্বাধীনতাবিরোধী শক্তির পক্ষে। এখন সিদ্ধান্ত আপনাদেও আপনারা কি তাদের ভোট দেবেন?

নির্বাচনী প্রতিশ্রুতি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই হিসেবে উল্লেখ করে তিনি ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান। ক্ষমতায় গেলে জনগণের কল্যাণে বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। নারীদের ক্ষমতায়নে তারেক রহমানের পরিকল্পনায় প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড চালু। কৃষকদের সহজ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিশেষ কার্ডের ব্যবস্থা। সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবায় হেলথ কার্ড প্রবর্তন।

তিনি আরও আশ্বাস দেন, নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।