মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ডিগ্রি কলেজে মরহুমা মোছা. আনোয়ারা খাতুনের নামে নবনির্মিত একটি ছাত্রী হোস্টেলের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হোস্টেলের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চিফ পাবলিক প্রসিকিউটর ও কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম।
মরহুমা মোছা. আনোয়ারা খাতুনের সন্তান সাবেক সহকারী কমিশনার (কাস্টমস) ইকবাল হোসেন কাবিল-এর আর্থিক সহায়তা ও কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় কলেজের কলা ভবনের দ্বিতীয় তলার ছাদে এই হোস্টেলটি নির্মাণ করা হচ্ছে।
উদ্বোধন শেষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ গভর্নিং বডির হিতৈষী সদস্য মছিহুল আজমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী (উপসচিব) মো. আসাদুজ্জামান ও দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল আলম প্রদীপ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়। এ সময় অন্যান্যের মধ্যে সাবেক কাস্টমস কর্মকর্তা ইকবাল হোসেন কাবিল, আবাইপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফজলুর রহমান পিরুল ও দ্বারিয়াপুর ইউপির সাবেক চেয়ারম্যান কাজী মহিদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ হোস্টেল নির্মাণের ফলে দূর-দূরান্ত থেকে আসা ছাত্রীদের আবাসন সংকট দূর হবে এবং উচ্চশিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।
মতামত