সারাদেশ

শেরপুরে ট্রাকবোঝাই ১৩০১ বোতল ভারতীয় মদসহ আটক ৩

প্রিন্ট
শেরপুরে ট্রাকবোঝাই ১৩০১ বোতল ভারতীয় মদসহ আটক ৩

প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬:৩৯

শেরপুরে বিপুল পরিমাণ আমদানিনিষিদ্ধ ভারতীয় মদসহ তিন মাদককারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার মোকছেদপুর নয়াপাড়া এলাকার নন্দীর বাজারে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ঝিনাইগাতী উপজেলার মিনাল মিয়া (৩২), রিয়াদ হোসেন (২৮) ও নুরুল আমিন (৩৪)।

শনিবার সকালে জামালপুর র‌্যাব-১৪ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল-রাজেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে নন্দীর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৩০১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। অভিযানে মাদক বিক্রির নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা এবং চোরাচালানে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধ পথে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে র‌্যাবের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।