সারাদেশ

সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা: হেলপার নিহত: চালক আহত

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা: হেলপার নিহত: চালক আহত

প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬:৫৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় জিয়াউল হক নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় মাদানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে দাঁড়িয়ে সোলেমান আহমেদ তানভীর পরিবহনের একটি কাভার্ডভ্যান চাকায় হাওয়া দিচ্ছিল। এসময় এন.এস বিল্ডার্সের একটি দ্রুতগামী ইটবাহী ট্রাক পেছন থেকে কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা হেলপার জিয়াউল হক ঘটনাস্থলেই প্রাণ হারান।

হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের সার্জেন্ট খুরশীদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত হেলপারের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি। ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে। নিহত জিয়াউল হকের পূর্ণাঙ্গ ঠিকানা ও আহত চালকের পরিচয় জানার চেষ্টা চলছে।