নীলফামারীর জলঢাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মৌসুমি বেগম নামের এক গৃহবধূকে প্রতিবেশীদের বিরুদ্ধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার কৈমারী ইউনিয়নের বিন্নাকুড়ী দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত মৌসুমি ওই এলাকার লাভলু মিয়ার স্ত্রী।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, প্রতিবেশী এমদাদুল হকের পরিবারের সঙ্গে লাভলু মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা চলছে। গত ২১ জানুয়ারি এমদাদুলের পরিবার জোরপূর্বক লাভলু মিয়ার পারিবারিক কবরস্থানের ওপর দিয়ে চলাচলের চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সোহাগ, শাহিনা, মনির ও এমদাদুলসহ আরও বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে লাভলুর ওপর চড়াও হয়। স্বামীকে বাঁচাতে মৌসুমি বেগম এগিয়ে এলে তাকে রড দিয়ে মারধর ও শ্লীলতাহানি করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী লাভলু মিয়া বলেন, তারা আমাকেসহ আমার স্ত্রীকে নৃশংসভাবে পিটিয়ে জখম করেছে এবং আমাদের বাসার গেট ভাঙচুর করেছে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, সঠিক তদন্তের মাধ্যমে যেন আমরা ন্যায়বিচার পাই।
এ ঘটনায় জলঢাকা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।
মতামত