সারাদেশ

এটিই আমার শেষ নির্বাচন, নির্ভয়ে ভোটকেন্দ্রে যান: মির্জা ফখরুল

প্রিন্ট
এটিই আমার শেষ নির্বাচন, নির্ভয়ে ভোটকেন্দ্রে যান: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৬, রাত ৯:৪১

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশের মানুষ। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দেবেন। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের।

রবিবার (২৫ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর, বরুনাগাঁও, চেরাডাঙ্গী ও গড়েয়া ইসকন মন্দিরসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, বিগত দিনে আপনাদের নিয়ে নোংরা রাজনীতি করা হয়েছে। আপনারা ভোট দিলেও মার খান, না দিলেও মার খান। আমরা ক্ষমতায় গেলে আপনাদের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করবো।

সার সংকটের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করে তিনি বলেন, কৃষকরা আমাদের প্রাণ, অথচ আজ তারা সার পাচ্ছে না। সারের এই সংকটের জন্য ইউনুস সরকার ও তাদের লোকেরাই দায়ী। আমরা ক্ষমতায় গেলে কৃষকদের ন্যায্যমূল্যে সার ও ভাতার ব্যবস্থা করবো।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়। তারা আজ বড় বড় কথা বলে ভোট চাইছে, কিন্তু দেশের মানুষ সচেতন।

নিজের রাজনৈতিক জীবনের ত্যাগের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, রাজনীতি করে আমরা সম্পদ বানাইনি, বরং বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করেছি। বহু জেল-জুলুম সহ্য করেছি, কিন্তু কখনো মাথা নত করিনি। আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, আমার বয়স হয়েছে, এটাই আমার শেষ নির্বাচন। জীবনের শেষবেলায় আপনাদের সেবা করার সুযোগ চাই। অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করে যেতে চাই।

পথসভাগুলোতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।