দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তন এবং নারায়ণগঞ্জের মাটিতে তাঁর উপস্থিতিকে ঘিরে উৎসবের আমেজে মেতেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটায় নারায়ণগঞ্জের কাঁচপুরে আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এক নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা করেন।
সমাবেশকে সফল করতে এবং তারেক রহমানকে বরণ করে নিতে এদিন রাজপথে ছিল নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। বিশেষ করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর একটি বিশাল মিছিল সমাবেশস্থলে প্রবেশ করলে চারপাশ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সাগরের এই সুশৃঙ্খল ও বিশাল শোডাউন উপস্থিত সাধারণ মানুষের নজর কেড়েছে।
সমাবেশ শেষে প্রতিক্রিয়ায় রাকিবুর রহমান সাগর বলেন,আমরা অত্যন্ত ভাগ্যবান যে, দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতা তারেক রহমান আমাদের মাঝে ফিরে এসেছেন। তিনি নারায়ণগঞ্জকে কতটা ভালোবাসেন তা প্রমাণ হয় অল্প সময়ের ব্যবধানে দুবার এখানে আসায়। আমরা এই ভালোবাসার প্রতিদান দিতে চাই ত্যাগের মাধ্যমে। তারেক রহমানের নেতৃত্বে আমরা সবার আগে একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ চাই।
সমাবেশে তারেক রহমান স্পষ্ট হুশিয়ারি দিয়ে বলেন, বিএনপি সরকার গঠন করলে গত কয়েক বছরে দেশে ঘটে যাওয়া প্রতিটি অপরাধের বিচার দেশের প্রচলিত আইনে নিশ্চিত করা হবে। দখলবাজি ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জের দীর্ঘদিনের সমস্যা নিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জ শহরের ২০টি নির্দিষ্ট স্পটে মাদকের ব্যবসা হয়। আমরা জানি সেগুলো কোথায়। এই শহরকে আমরা মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে চাই যাতে আমাদের মা-বোনেরা দিন-রাত নিরাপদে চলাচল করতে পারেন।
যুবসমাজ ও উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা তরুণ প্রজন্মের জন্য বিএনপির ভিশন তুলে ধরে তিনি বলেন,
আধুনিক কারিগরি শিক্ষা ও ভাষা শিক্ষার মাধ্যমে যুবকদের দেশি-বিদেশি কর্মসংস্থানের উপযোগী করা হবে।
ইমাম, খতিব ও মাদ্রাসা শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও হালাল উপার্জনের সুযোগ সৃষ্টি করা হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালু করে নদী-নালা ও জলাশয় দখলমুক্ত করা হবে।
ভেঙে পড়া রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত মেরামতের নিশ্চয়তা দেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের আজহারুল ইসলাম মান্নান এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
কাঁচপুরের এই মধ্যরাতের সমাবেশ কেবল একটি নির্বাচনী সভা নয়, বরং রাকিবুর রহমান সাগরের মতো রাজপথের লড়াকু সৈনিকদের নেতৃত্বে এটি রূপ নিয়েছিল এক বিশাল জনসমুদ্রে।
মতামত