সারাদেশ

পাবনায় সাংবাদিককে নারী দিয়ে ফাঁসিয়ে সর্বস্ব লুট: অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মী

প্রিন্ট
পাবনায় সাংবাদিককে নারী দিয়ে ফাঁসিয়ে সর্বস্ব লুট: অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মী

প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৬, রাত ১০:৪১

পাবনায় সংবাদ সংগ্রহকালে চ্যানেল ২৬ বাংলার জেলা প্রতিনিধি সোলাইমান হোসেন (৩০) এক সংঘবদ্ধ ব্ল্যাকমেইল চক্রের শিকার হয়েছেন। গত (২০ জানুয়ারি) সদর উপজেলার টেবুনিয়া শফিক ফিড মিলের সামনে তাকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

ভুক্তভোগী সাংবাদিক জানান, উষা নামে এক নারী ফটোশুটের প্রলোভন দেখিয়ে তাকে ডেকে নেন। সেখানে পৌঁছালে ৮-১০ জনের একটি দল তাকে অতর্কিত মারধর ও টেনে-হেঁচড়ে নিয়ে যায়। পরে নারী দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার থেকে বিকাশে ২০ হাজার টাকা, নগদ ১১ হাজার টাকা এবং ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় চক্রটি।

অনুসন্ধানে জানা গেছে, এই চক্রটির নেপথ্যে স্থানীয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জড়িত। অভিযুক্তদের মধ্যে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হৃদয় মন্ডল, শান্ত ও সজীবসহ বেশ কয়েকজনের নাম উঠে এসেছে, যারা সাবেক সাধারণ সম্পাদক সোহানুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত। স্থানীয়দের দাবি, উষা নামের ওই নারীকে ঢাল হিসেবে ব্যবহার করে এই চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে ফিটিংস বিজনেস বা ব্ল্যাকমেইল চালিয়ে আসছে।

এ ঘটনায় পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সেলিম জানান, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, অভিযোগের পর থেকে অপরাধী চক্রটি উল্টো সাংবাদিক সোলাইমানকে  প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জেলার কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।