সারাদেশ

বটিয়াঘাটায় জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

প্রিন্ট
বটিয়াঘাটায় জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৬, রাত ১১:০৪

খুলনার বটিয়াঘাটা উপজেলার সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬৯তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৃপ্তি রাণী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি থান্ডার কামরুজ্জামান। সহকারী শিক্ষক মৃদুল মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, থানার ওসি (তদন্ত) শাহীন গোলদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পার্থ রায় মিঠু।

এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে বিদ্যালয়ের স্কাউট ও গার্লস ইন স্কাউট দলের সদস্যরা।

দিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।