সারাদেশ

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৬, রাত ১০:০৭

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় জমি জবরদখল, হয়রানি ও মিথ্যা অপপ্রচারের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা মজিবর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আব্দুল মজিদ জানান, অভিযুক্ত মজিবর রহমান গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। বিগত সরকারের ক্ষমতার দাপটে তিনি এলাকায় দখলবাজি ও সাধারণ মানুষকে জিম্মি করে রাখতেন। সরকার পতনের পরও তিনি ও তার ছেলে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান এখনও ভুক্তভোগী পরিবারটিকে হুমকি-ধমকি ও মিথ্যা অপপ্রচার চালিয়ে হয়রানি করছেন।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, ইতিপূর্বে এই জমি নিয়ে স্থানীয় সালিশ বৈঠক হলেও মজিবর ও তার ছেলে উল্টো পরিবারের সদস্যদের ওপর শারীরিক নির্যাতন চালান। তাদের অত্যাচারে এলাকার আরও অনেকেই অতিষ্ঠ। সংবাদ সম্মেলনে পরিবারটি প্রশাসনের কাছে নিরাপত্তা এবং জবরদখল হওয়া জমি উদ্ধারে আইনি সহায়তার জোর দাবি জানিয়েছে।