পাবনার ভাঙ্গুড়ায় নির্মাণাধীন ভবন থেকে চাঁদা দাবির অভিযোগে দুই সহোদর শ্রমিক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে পৌর শহরের ভাঙ্গুড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রভাবশালী নেতা মাসুদ রানা (৫৫) ও তার ভাই আব্দুল মালেক (৫৩)।
এ ঘটনায় ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. নওশাদ আলী চারজনকে আসামি করে ভাঙ্গুড়া থানায় চাঁদাবাজির মামলা করেছেন। মামলার অন্য দুই আসামি হলেন মাসুদ রানার ছেলে ছাত্রলীগ নেতা গোলাম রাব্বি ও গোলাম রাফি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নওশাদ আলী তার ভবনের নির্মাণ কাজ শুরু করলে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে মঙ্গলবার তারা কাজ বন্ধ করে দিয়ে হুমকি দেন। নিরুপায় হয়ে ওই সেনা সদস্য স্থানীয় সেনা ক্যাম্প ও থানায় অভিযোগ করলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির কথা স্বীকার করায় তাদের থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মাসুদ রানার বিরুদ্ধে মাদক ব্যবসা ও সরকারি জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুস্তাফিজুর রহমান জানান, আটক আসামিদের বুধবার সকালে আদালতে প্রেরণ করা হবে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত