সারাদেশ

সিদ্ধিরগঞ্জে জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন ও গণসংযোগ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন ও গণসংযোগ

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, রাত ১০:০১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় চিটাগাং রোডস্থ এ রহমান সুপার মার্কেটে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে শিমরাইল ট্রাক টার্মিনাল ও টেকপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। জেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক জিএম সুমন মুন্সির সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। প্রধান অতিথির বক্তব্যে খাইরুল ইসলাম সজীব বলেন, ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হলে এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য। তিনি আরও হুশিয়ারি দিয়ে বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা অপকর্ম করতে চাইলে তাদের ধরে প্রশাসনের হাতে সোপর্দ করুন। যারা দল ত্যাগ করে আবার ফিরে আসার চেষ্টা করছে, তাদের ব্যাপারেও নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শ্যামলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা ও থানার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।