সারাদেশ

ক্লিন হার্ট অপারেশনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বিএনপি: মাশুকুল ইসলাম রাজীব

প্রিন্ট
ক্লিন হার্ট অপারেশনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বিএনপি: মাশুকুল ইসলাম রাজীব

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৬, রাত ৯:৩৫

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেছেন, বিএনপি দলীয় বিবেচনায় কখনো সন্ত্রাসীদের ছাড় দেয় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্লিন হার্ট অপারেশনের মাধ্যমে দেশ থেকে সন্ত্রাস নির্মূল করেছিলেন, যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল খোদ বিএনপি নেতাকর্মীরাই। দলমতের ঊর্ধ্বে উঠে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করাই বিএনপির রাজনৈতিক অঙ্গীকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নম্বর ওয়ার্ডের এসও রোড এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে এই সভার আয়োজন করা হয়। মাশুকুল ইসলাম রাজীব আরও বলেন, তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও শ্রমিকদের স্বাস্থ্যসেবাসহ সকল প্রতিশ্রুতি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বাস্তবায়ন করা হবে। আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আজহারুল ইসলাম মান্নানকে জয়যুক্ত করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সামাদ মাহমুদের সভাপতিত্বে এবং জাকির হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা সেলিম হোসেন দিপু। এ সময় অন্যদের মধ্যে মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, যুবদল নেতা আক্তারুজ্জামান মৃধা, ওয়ার্ড বিএনপি নেতা কামাল হোসেন, রুবেল হোসেন মিন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।