সারাদেশ

টাকার বিনিময়ে সন্ত্রাসীদের কাছে নত হবেন না: আজহারুল ইসলাম মান্নান

প্রিন্ট
টাকার বিনিময়ে সন্ত্রাসীদের কাছে নত হবেন না: আজহারুল ইসলাম মান্নান

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৬, রাত ৯:৪০

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, পাঁচশ-হাজার টাকার বিনিময়ে কোনো সন্ত্রাসীর কাছে মাথা নত করবেন না। ধানের শীষের বিজয় হলে এ অঞ্চলে কোনো বেকারত্ব থাকবে না। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। আজহারুল ইসলাম মান্নান প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিগত সরকার আইন করে বাসা-বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দিয়েছিল। আমরা ক্ষমতায় গেলে সেই আইন বাতিল করে ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেব। এছাড়া সিদ্ধিরগঞ্জে একটি আধুনিক হাসপাতাল ও ইউনিভার্সিটি নির্মাণের পাশাপাশি প্রতিটি এলাকায় ঈদগাহ ও কবরস্থানের ব্যবস্থা করা হবে। মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও দেলোয়ার হোসেন খোকনের তত্ত্বাবধানে গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর মহিলা দলের সভাপতি আয়েশা আক্তার দিনা এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডিএইচ বাবুল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।