সারাদেশ

সব্দালপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রিন্ট
সব্দালপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৪:২৫

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাগুরা জেলা প্রশাসক মো: আব্দুল্লাহ আল মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মূহিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ঢাকা মেট্রো সার্কেল) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: হাসান শওকত, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো: হুসাইন শওকত এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ তানভীর আহমেদ। স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুণ অর রশিদ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা মোট ৩৮টি ইভেন্টে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দময় হয়ে ওঠে।