সারাদেশ

ষড়যন্ত্র করে এবার নির্বাচন ঠেকানো যাবে না: মির্জা ফখরুল

প্রিন্ট
ষড়যন্ত্র করে এবার নির্বাচন ঠেকানো যাবে না: মির্জা ফখরুল

প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:২০

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত সময়ে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হলেও এবার কোনো অপশক্তিই তা রুখতে পারবে না। রোববার (১ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া ঈদগাহ ময়দান, গিলাবাড়ি বাজার ও মাতৃগাঁও চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ এবার জেগে উঠেছে। বিগত ১৭ বছরের দুঃশাসন ও নিপীড়নের জবাব দিতে জনগণ এবার ভোট দেওয়ার পণ করেছে। ভোটাররাই ভোটকেন্দ্র পাহারা দেবেন। হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি। যারা নেতাকর্মীদের ফেলে পালিয়ে যায়, দেশের মানুষ তেমন নেতা চায় না। নির্বাচনী প্রচারণায় এক সমর্থকের দেওয়া ডিম ও মাটির ব্যাংক উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। অশ্রুসিক্ত নয়নে তিনি বলেন, ধানের শীষ বেগম খালেদা জিয়ার মার্কা। ১২ তারিখের নির্বাচনে আমাকে ভোট দিয়ে শেষবারের মতো আপনাদের সেবা করার সুযোগ দিন। পথসভায় মির্জা ফখরুল তার নেতাকর্মীদের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তার জন্য জনগণের কাছে ক্ষমা চান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।