সারাদেশ

সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণ: অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৪

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণ: অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৪

প্রকাশিত : ৩ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৫৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় আদমজী ইপিজেড এলাকায় বেপজার নিরাপত্তাকর্মীদের আবাসিক ভবনে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ওই ভবনের চতুর্থ তলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে দগ্ধ অন্তঃসত্ত্বা নারীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুনের সংস্পর্শ লাগলে এই বিস্ফোরণ ঘটে। তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিস্ফোরণে ওই কক্ষের জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।