সারাদেশ

রাজনীতি ও দুর্নীতি আর একসঙ্গে চলবে না: ডা. শফিকুর রহমান

প্রিন্ট
রাজনীতি ও দুর্নীতি আর একসঙ্গে চলবে না: ডা. শফিকুর রহমান

প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১:০৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে আর রাজনীতি ও দুর্নীতি একসাথে চলতে দেওয়া হবে না। দুর্নীতি দেশের অগ্রযাত্রাকে বারবার ব্যাহত করেছে, তাই সর্বগ্রাসী এই ব্যাধি থেকে মুক্তি পেতে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী ও লালমনিরহাটের সংযোগস্থল ডালিয়া হ্যালিপ্যাড মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে আপসহীন শক্তিকে ক্ষমতায় আনতে হবে। আমরা ক্ষমতায় গেলে এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তুলব। তিনি দেশব্যাপী নারী নির্যাতনের বিরুদ্ধে গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, নারীর প্রতি সহিংসতা যেকোনো মূল্যে শক্ত হাতে প্রতিহত করা হবে। লালমনিরহাট জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। আরও বক্তব্য রাখেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার, অ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতিফসহ দুই জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থী ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। লক্ষাধিক মানুষের উপস্থিতিতে জনসভাস্থল ছাড়িয়ে আশেপাশের রাস্তা ও মাঠ জনসমুদ্রে পরিণত হয়। জনসভাকে কেন্দ্র করে নীলফামারীর ডিমলা, ডোমার এবং লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।