সারাদেশ

টানা ষষ্ঠবার মাগুরার জেলা শ্রেষ্ঠ শিক্ষক ড. মুসাফির নজরুল

প্রিন্ট
টানা ষষ্ঠবার মাগুরার জেলা শ্রেষ্ঠ শিক্ষক ড. মুসাফির নজরুল

প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:৩৪

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে টানা ষষ্ঠবারের মতো মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন ড. মুসাফির নজরুল। বৃহস্পতিবার (জানুয়ারি) সকালে মাগুরা জেলা শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. মো. আলফাজ উদ্দিন। জেলা শিক্ষা অফিসার প্রদ্যুত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. ওবায়দুল্লাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। ড. মুসাফির নজরুল শ্রীপুর উপজেলার জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ও পিএইচডি ডিগ্রিধারী এই গুণী শিক্ষক কেবল শ্রেণিকক্ষেই নয়, সাহিত্য ও গবেষণাতেও রেখেছেন উজ্জ্বল স্বাক্ষর। বাংলা একাডেমির এই সদস্যের এ পর্যন্ত গবেষণা, অনুবাদ ও কবিতা মিলিয়ে এক ডজনেরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে। বিশেষ করে মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য নিয়ে তাঁর কাজ ও মুক্তিযুদ্ধে শ্রীপুর সম্পাদনা সুধী মহলে প্রশংসিত। উল্লেখ্য, ইতিপূর্বেও তিনি অনুবাদ সাহিত্য ও গবেষণার স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসন পদকসহ একাধিক সম্মাননা লাভ করেছেন। ২০১৮ সাল থেকে শুরু করে (মাঝে করোনা বিরতি বাদে) ২০২৬ পর্যন্ত টানা ছয়বার তিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার গৌরব অর্জন করলেন। এই সাফল্যে জেলার শিক্ষা অঙ্গনে আনন্দের জোয়ার বইছে।