সারাদেশ

শ্রীপুরে ৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও মানববন্ধন

প্রিন্ট
শ্রীপুরে ৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও মানববন্ধন

প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:২৮

৯ম পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের এক দফা দাবিতে মাগুরার শ্রীপুরে অর্ধদিবস কর্মবিরতি, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন দপ্তরের কর্মচারীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। এদিন সকালে কর্মচারীরা নিজ নিজ দপ্তরে কর্মবিরতি পালন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে মানববন্ধনে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে বর্তমান বেতনে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। বাইরের চাকচিক্য থাকলেও আমরা এখন মানবেতর জীবন যাপন করছি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণা না করা হলে তারা কঠোর আন্দোলনে যাবেন এবং নির্বাচনের যাবতীয় কার্যক্রম থেকে বিরত থাকবেন। শ্রীপুরের কর্মচারীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা আগামীকাল ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশে যোগ দেবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা দেন আন্দোলনকারীরা।