সারাদেশ

শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, এটি দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান

প্রিন্ট
শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, এটি দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান

প্রকাশিত : ৭ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:১৯

ঠাকুরগাঁও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, হারিয়ে যাওয়া অধিকার পুনঃপ্রতিষ্ঠার সময় এসেছে। বিগত তিনটি নির্বাচনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, বরং এটি ভেঙে পড়া দেশ পুনর্গঠনের লড়াই। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থনৈতিক মুক্তির প্রতিশ্রুতি দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার ব্যক্ত করে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে নারীদের আত্মনির্ভরশীল করতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড প্রবর্তন করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা অতি সহজে ঋণ, সার ও বীজ সহায়তা পাবেন। এছাড়া ধানের শীষ বিজয়ী হলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণাও দেন তিনি। জনগণের অংশীদারিত্ব দেশকে সামনের দিকে এগিয়ে নিতে জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করে তিনি বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ। আপনাদের সমর্থন ছাড়া রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন সম্ভব নয়। তাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে জনসভাটি এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।