সারাদেশ

ঠাকুরগাঁওয়ে জনসমুদ্রে তারেক রহমান: ২৩ বছর পর ফেরা ঘিরে উৎসবের আমেজ

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে জনসমুদ্রে তারেক রহমান: ২৩ বছর পর ফেরা ঘিরে উৎসবের আমেজ

প্রকাশিত : ৭ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬:৩৭

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। সবশেষ ২০০৩ সালে তিনি এই জেলা সফর করেছিলেন। তার আগমনকে কেন্দ্র করে এদিন পুরো শহর জনসমুদ্রে পরিণত হয়। বর্ণাঢ্য সংবর্ধনা বেলা ১১টায় পবিত্র কোরআন, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। তারেক রহমান মঞ্চে আসার সাথে সাথে হাজার হাজার নেতাকর্মী করতালি ও স্লোগানে তাকে অভিবাদন জানান। ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর হয়ে হেলিকপ্টারে করে তিনি ঠাকুরগাঁও পৌঁছান। তৃণমূলের আবেগ বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ২০০৩ সালের ৪ জানুয়ারি এই ঠাকুরগাঁও থেকেই তারেক রহমান তৃণমূল প্রতিনিধি সম্মেলন শুরু করেছিলেন। দীর্ঘ বিরতির পর প্রিয় নেতাকে কাছে পেয়ে নেতাকর্মীদের মাঝে অন্যরকম আবেগ ও উৎসাহ দেখা গেছে। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা হওয়ায় এই জনসভাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা ছিল। প্রার্থীদের উপস্থিতি জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পয়গাম আলীর সঞ্চালনায় সমাবেশে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার দলীয় প্রার্থীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুস সালাম, জাহিদুর রহমান জাহিদ, নওশাদ জমির, ফরহাদ হোসেন আজাদ ও মনজুরুল ইসলাম। ঠাকুরগাঁওয়ের সমাবেশ শেষে এদিনই নীলফামারী এবং দিনাজপুরের বিরামপুরে আরও দুটি নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।