সারাদেশ

জামালপুরে বিধি ভেঙে মোটরসাইকেল শোডাউন: জামায়াত প্রার্থীকে শোকজ

প্রিন্ট
জামালপুরে বিধি ভেঙে মোটরসাইকেল শোডাউন: জামায়াত প্রার্থীকে শোকজ

প্রকাশিত : ৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৩৩

জামালপুর-৫ (সদর) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন করার অভিযোগে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারকে শোকজ করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এই কারণ দর্শানোর নোটিশ জারি করে। নোটিশ সূত্রে জানা গেছে, মাওলানা আব্দুস সাত্তারের পক্ষে তাঁর কর্মী-সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা ও শোডাউনের মাধ্যমে প্রচারণা চালাচ্ছিলেন, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৯ (ক) বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এই কর্মকাণ্ডের ভিডিও চিত্র নির্বাচনী অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। জামালপুর-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং অর্থঋণ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইকবাল মাহমুদ এই নির্দেশ প্রদান করেন। নোটিশে আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে এই বিধি লঙ্ঘনের বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। শোকজ নোটিশটি দ্রুত পৌঁছানোর জন্য জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বিধি অনুযায়ী নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে বলে জানানো হয়।