সারাদেশ

ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

প্রিন্ট
ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১২:১১

ঠাকুরগাঁও প্রতিনিধি বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুর ইউনিয়নের ভগদগাজি বাজারে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, নির্দিষ্ট কোনো মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এমন কথা বলে মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। দেশের প্রখ্যাত আলেমরাও এ ধরনের অপপ্রচার প্রত্যাখ্যান করেছেন। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার কোনো বিকল্প নেই। বিগত ১৫ বছরের দুঃশাসনের চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, দেশ আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা নির্বাচিত হলে প্রথম দেড় বছরের মধ্যে এক কোটি বেকারের চাকরির ব্যবস্থা করব। এছাড়া ৫০ লাখ মায়ের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য বিশেষ কৃষি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে সার, বীজ ও পানি সরবরাহ নিশ্চিত করা হবে। পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ (পয়গাম আলী) স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফখরুল ভোটারদের উদ্দেশে বলেন, আপনাদের ভোটের মাধ্যমে আমি ঠাকুরগাঁওয়ের অসম্পূর্ণ কাজগুলো শেষ করতে চাই এবং প্রতিটি মানুষের আয় বৃদ্ধির টেকসই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।