সারাদেশ

রংপুর বিভাগে র‌্যাব ও যৌথ বাহিনীর বিশেষ নিরাপত্তা মহড়া

প্রিন্ট
রংপুর বিভাগে র‌্যাব ও যৌথ বাহিনীর বিশেষ নিরাপত্তা মহড়া

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১২:৩৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় র‌্যাব-১৩ এর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও পঞ্চগড় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও ভোটকেন্দ্রে এই টহল ও মহড়া পরিচালনা করা হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ। মহড়ায় র‌্যাবের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসন অংশগ্রহণ করে। এদিন সকালে পঞ্চগড়ের বোদা মডেল পাইলট স্কুল থেকে শুরু হয়ে একটি মহড়া বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। একই সময়ে ঠাকুরগাঁও-১ ও ২ আসনের গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সম্ভাব্য বিশৃঙ্খলা মোকাবিলায় সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এছাড়া নীলফামারীর ডিমলা এবং রংপুরের মিঠাপুকুর এলাকায় বিজিবি ও পুলিশের সমন্বয়ে সশস্ত্র টহল ও যানবাহন তল্লাশি কার্যক্রম চালানো হয়। র‌্যাব-১৩ জানায়, নির্বাচন ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা, গুজব ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের মাঝে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে এবং অপরাধীদের দমনে গোয়েন্দা নজরদারির পাশাপাশি এই ধরনের মোবাইল টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।