সারাদেশ

সুষ্ঠু ভোট হলে রাষ্ট্র সংস্কারের সুযোগ আসবে: মির্জা ফখরুল

প্রিন্ট
সুষ্ঠু ভোট হলে রাষ্ট্র সংস্কারের সুযোগ আসবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৫৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার বড় প্রত্যাশা রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে দেশ ও রাষ্ট্র সংস্কারের একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গত ১৬ বছর ধরে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে বলে আমরা মনে করছি। আমাদের বিশ্বাস, এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার কোনো সুযোগ নেই এবং সরকারি কর্মকর্তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর দলীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিএনপি প্রতিপক্ষকে কখনোই দুর্বল মনে করে না। জামায়াত কৌশলগতভাবে ভিন্ন প্রচারণা চালালেও বিএনপি ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতেই অটল। বিএনপি মহাসচিব স্পষ্ট করে বলেন, যাকে খুশি তাকে ভোট দিন এটাই আমাদের অবস্থান। তবে সবচেয়ে জরুরি হলো, সবাই যেন কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। সবশেষে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রকাঠামো পরিবর্তনের পথ সুগম হবে।